৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৩
শিরোনাম:

গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি মানুষ হয় : হাছান মাহমুদ

গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি মানুষ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ নিন্দা ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। সেখানকার জনসমাগম দেখে সরকার নাকি ভয় পেয়েছে, মাথা খারাপ হয়েছে। আসলে গুলিস্তানে পাগল নাচলেও তাদের সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়।

তিনি বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ ভালো থাকায় তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গেছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। আল জাজিরার রিপোর্ট ষড়যন্ত্রের অংশ।

তথ্যমন্ত্রী বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে আল জাজিরার বিশ্বাসযোগ্যতা লোপ পেয়েছে। তারা জনধিকৃত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে তখনই হত্যা করেছিলো, যখন খুনিরা জনবিচ্ছিন্ন হয়েছিলো। আজকেও তারা সেই খেলায় মেতেছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যাদের জন্ম ক্যান্টনমেন্টের ভেতরে, তারা আবার গণতন্ত্রের কথা বলে। বিএনপির যারা এখন কথা বলে, সব দলছুট নেতা। জিয়াউর রহমানের বিলিয়ে দেয়া ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করতে বিএনপিতে এসেছে।

হাছান মাহমুদ আরো বলেন, করোনার টিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান কথা বলেছে বিএনপি। এখন তারা সেই টিকাও নিচ্ছে। তাদের সাধুবাদ জানাই। বিরোধী দল সুস্থ সবল থাকুক আমরাও চাই। আমাদের বিরোধিতা করুক, আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করি।

Loading