৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫
শিরোনাম:

১০ হাজার টাকার মুচলেকায় মিলার জামিন

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলাম। তার বিরুদ্ধে অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এ মামলায় ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত বিচারক দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মিলা। শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।

মিলা বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে ২০১৯ সালের ৫ জুন মামলা করেন সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। দেড় সপ্তাহ আগে পুলিশ জানায়, উত্তরার পশ্চিম থানায় দুই বছর আগে মিলার বিরুদ্ধে মামলা হয়। সেই চলমান মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিয়ের তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন পারভেজ সানজারি। মামলাটি আমলে নিয়ে পল্লবী থানাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে মিলা ও তার বাবাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এর আগে যৌতুক ও নির্যাতনের অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন মিলা। সেই মামলায় গ্রেপ্তার হন সানজারি। পরে তিনি জামিনে ছাড়া পান। গত বছরের ১১ জুলাই মিলা সানজারির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

Loading