৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
শিরোনাম:

প্রেম করায় মেয়েকে খুন করলেন মা

গাইবান্ধার সাঘাটায় মায়ের ছুরিকাঘাতে আতিকা সুলতানা সাদিয়া নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা হামিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাদিয়া উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া স্থানীয় উদয়ন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার সঙ্গে একই এলাকার এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেনে নিতে পারেনি সাদিয়ার পরিবার। শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে সাদিয়ার সঙ্গে মা হামিদা বেগমের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে মা হামিদা বেগম ধারালো ছুরি দিয়ে সাদিয়ার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সাদিয়ার বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে হামিদা বেগম এবং বড় ছেলে তানজিল আহম্মেদকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। শনিবার সকালে হামিদা বেগমকে জেলহাজতে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নয়ন কুমার সাহা জানান, প্রেমঘটিত কারণে সাদিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় লোকজন এবং সাদিয়ার বাবার তথ্যের ভিত্তিতে তার মা হামিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ভাই তানজিল আহম্মেদ পলাতক রয়েছেন।

সাঘাটা থানার ওসি বেলাল হোসেন বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দুপুরে সাদিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading