৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
শিরোনাম:

ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত

ভোলার দৌলতখানে সাথী (২৪) নামে এক গৃহবধূকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে স্থানীয়রা গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত গৃহবধূ জানান, ৭ বছর আগে চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সরকার বাড়ির মৃত হোসেনের ছেলে ইলিয়াছের সাথে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরই মধ্যে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। অভাব অনটনের কারণে স্বামী ইলিয়াস হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করেন। সংসারের বেহাল অবস্থার কারণে তিনি নিজেও বাড়িতে গরু পালন ও চাষাবাদের কাজ করেন।

স্বামীর অবর্তমানে নানা অজুহাতে ভাসুর মো. জব্বার হোসেন প্রায়ই তাকে মারধর করতো। ভাসুর জব্বার বিভিন্ন সময় তাকে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে গতকাল শনিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম ক্ষত হয়।

বর্তমানে ওই গৃহবধূ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জব্বার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Loading