৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
শিরোনাম:

ঘর থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে ঘর থেকে মোবাইলে ডেকে নিয়ে আশা আক্তার নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা আক্তার ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আশা আক্তারকে নিজ ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনেই কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

Loading