৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫
শিরোনাম:

রমেকে ডায়ালাইসিস মেশিন বিকল, ১২ কিডনি রোগীর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ দিন ধরে বন্ধ রয়েছে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা। এ বিষয়ে পরিচালক বলছেন, দুটি মেশিন নষ্ট হওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, যারা নিয়মিত এই সেবা নিতেন তাদের ১২ জনের মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রী বিমল চন্দ্র বর্মন। কিডনি রোগ ধরা পড়ায় গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ভর্তি হয়েছেন। নয় দিন ধরে থাকলেও ডায়লাইসিস করাতে পারছেন না তিনি।

একই অবস্থা অন্য রোগীদেরও। রোগীর স্বজনরা বলছেন, মাঝে মাঝেই ডায়ালাইসিস মেশিন বিকল হয়ে পড়ে। হাসপাতালে প্রতি ডায়ালাইসিসে খরচ ৪০০ টাকা, আর প্রাইভেটে লাগছে তিন হাজার টাকা।

ডায়ালাইসিস বিভাগের তত্ত্বাবধায়ক জানান, যারা নিয়মিত সেবা নিতেন তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে ভিন্ন তথ্য দিচ্ছেন অনেকে।

রংপুর মেডিকেলের ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, এ পর্যন্ত ১০ থেকে ১২ জন রোগী মারা গেছেন। আবার অনেকে আমাদেরকে ফোন করে কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছে।

ডায়ালাইসিসের অচলাবস্থার কথা স্বীকার করে মেশিন মেরামত করতে না পারার পেছনে লকডাউনকে দুষছেন হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম।

তিনি বলেন, দুটি মেশিন মেরামত করার জন্য ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপকে জানিয়েছি। তাদের আসার কথা ছিল ২৯ এপ্রিল। এখন লকডাউন বেড়ে যাওয়ায় কাজ আটকা পড়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০-৫০ রোগীর কিডনি ডায়ালাইসিস করা হতো বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Loading