৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫
শিরোনাম:

নিয়োগ নিয়ে রাবি ও মহানগর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

নিয়োগকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের চাকরি প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মকর্তা।

Thank you for reading this post, don't forget to subscribe!

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাবি উপাচার্য অধ্যাপক মো. আবদুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সকাল থেকে গুঞ্জন শোনা যায়। এ খবর শোনার পর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগের দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন। ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা চালান। এসময় রাবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে রাবি ছাত্রলীগ সংগঠিত হয়ে ধাওয়া করলে মহানগর ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান।

হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মাসুদ বাংলানিউজকে বলেন, বহিরাগতরা আমার সহকর্মী মামুনকে মারধর শুরু করলে আমি উদ্ধার করতে এগিয়ে যাই। এসময় তারা আমাকেও মারধর শুরু করেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Loading