২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
শিরোনাম:

ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি

করোনা সংক্রমণ রোধ ও ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে নামানো হলো বিজিবি। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত আর পণ্যবাহী গাড়ি পারাপার হলেও রাতে পার হয়েছে যাত্রীবোঝাই বাস। দ্বিগুণেরও বেশি ভাড়ায় ঢাকা ছেড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার হাজারো মানুষ।

করোনার সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় বিআইডব্লিউটিসি শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু শনিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপে নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয় সংস্থাটি। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ সত্ত্বেও বাড়ি ফিরছেন শত শত মানুষ।

শনিবার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের। গন্তব্যে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। তারপরও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে এভাবেই উঠছেন ফেরিতে।

তবে, ঘাট এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেয়নি পুলিশ। এতে কয়েক কিলোমিটার হেঁটেই ফেরিঘাটে যেতে হচ্ছে যাত্রীদের।এ অবস্থায় শিমুলিয়া ঘাট থেকে যখনই জরুরি সেবার আওতায় কোন ফেরি ছেড়ে যাচ্ছে, তখনই তাতে হুড়োহুড়ি করে উঠে পড়েছেন যাত্রীরা।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও গাড়ির দীর্ঘ সারি। অনেকেই জানতেন না জরুরি প্রয়োজন ছাড়া ফেরি পারাপার বন্ধ। হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের নিয়ে ভোগান্তি আরও বেড়েছে। অনেক মানুষের জন্য ফেরি পল্টুনে ভিড়াতেও বেগ পেতে হচ্ছে বিআইডব্লিউটিসিকে।

এদিকে ঈদ করতে বাড়িতে যাওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কেও চাপ বেড়েছে বিভিন্ন পরিবহনের। নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাসও। করোনার ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী ট্রাক ও মাছের গাড়িতে উঠেছেন অনেকেই।

Loading