২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৮
শিরোনাম:

তিন সঙ্গীসহ ইসলামি বক্তা নিখোঁজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামি বক্তা মো. আফছানুল আদনান (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীরও হদিস মিলছে না। এ ঘটনায় আদনানের মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার মা আজেদা বেগম বলেন, ‘আদনান (৩১) সপরিবার রংপুর শহরে থাকেন। অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন তিনি। গত শুক্রবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশে রংপুর থেকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন আদনান। তার সঙ্গে তার দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ ছিলেন। এ ছাড়া গাড়িচালক হিসেবে ছিলেন আমির উদ্দিন ফয়েজ।’

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে আদনানকে তার স্ত্রী ফোনে জানান, তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। মুঠোফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে। এরপর থেকে আদনানসহ সবার মুঠোফোনই বন্ধ রয়েছে।

আদনানের খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। তার মা আজেদা বেগম জানান, আদনান কোনো রাজনীতি বা কোনো ধর্মীয় সংগঠনও করেন না। ছেলেকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও হস্তক্ষেপ চান আজেদা।

আদনানসহ চারজনের নিখোঁজ হওয়ার বিষয়টি দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। আদনান ও তার সঙ্গীদের উদ্ধারে তারা কাজ করবেন।

গত শুক্রবার আদনানের মা রংপুর মহানগরের কোতোয়ালি থানায় তার ছেলের নিখোঁজ থাকার বিষয়ে জিডি করেন। এতে বলা হয়, ঢাকার সম্ভাব্য সব স্থান, আত্মীয়স্বজন ও আদনানের বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। অবশ্য ওই জিডিতে আদনানের নিখোঁজ থাকার কথা বলা হলেও গাড়িচালক ও দুই সঙ্গীর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে আজ রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার বলেন, আদনান নিখোঁজ হওয়ার বিষয়ে কোতোয়ালি থানায় জিডি হয়েছে। সীমান্তের থানাসহ জিডির বিষয়ে সব থানাকে অবগত করা হয়েছে। জিডির বিষয়ে তদন্ত চলছে।

 

Loading