কলকাতার ইডেন গার্ডেনসে ২২ নভেম্বর থেকে শুরু হতে হচ্ছে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট ম্যাচ। দুই দেশই এই প্রথমবারের জন্য গোলাপি টেস্ট ম্যাচে অংশ নিতে যাচ্ছে। স্বভাবতই দিন-রাতের এই টেস্ট ম্যাচকে ঘিরে কেবল সমর্থকদের মধ্যেই উন্মাদনা ছড়ায়নি, দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও আবেগ, উন্মাদনা তুঙ্গে।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে গোলাপি টেস্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তৈরি ইডেন গার্ডেনও। গোটা শহর গোলাপি রঙের আলোকমালায় সেজেছে। সাম্প্রতিক অতীতে কোনো টেস্ট ম্যাচকে ঘিরে এমন উন্মাদনা চোখে পড়েনি কলকাতায়।
গোলাপি টেস্টটিকে স্মরণীয় করে রাখতে বাড়তি আয়োজন করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে ম্যাচ শুরুর দিনে দর্শকদের জন্য খেলা দেখা ছাড়াও একাধিক পরিকল্পনা নিয়েছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল।
সিএবি’র পরিকল্পনা অনুযায়ী জানা গেছে, ম্যাচের শুরুতে হেলিকপ্টার থেকে ভারতীয় বিমানবাহিনীর এক সদস্য প্যারাসুট দিয়ে মাঠে নেমে আসবেন এবং টসের আগে তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের দলপতি মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দিবেন। আর সেই সময় আকাশে ছড়িয়ে যাবে গোলাপি রঙের আবির।
এরপর ওইদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বেল বাজিয়ে ইডেন টেস্টের শুভসূচনা করবেন।
পরিকল্পনার মধ্যে রয়েছে প্রথম সেশনের পর সুপার ব্রেকে টক’শো আয়োজন। যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ। এছাড়া দ্বিতীয় সেশনের পর ২০ মিনিটের বিরতিতে মাঠে চক্কর দেবেন দুই দলের আমন্ত্রিত ক্রীড়া জগতের তারকারা।
এ ব্যাপারে জানা গেছে, ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচের দুই দলের সাবেক অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন আমন্ত্রিত ক্রীড়া জগতের তারকারা। তারা বাউন্ডারি লাইন ধরে বিশেষ এক প্রকারের গাড়িতে করে মাঠে চক্কর দেবেন। তাছাড়াও মাঠে উপস্থিত দর্শকদের টিকিটেও থাকবে ব্যতিক্রমধর্মী। তাদের জন্য গোলাপি রঙয়ের বিশেষ ডিজাইনের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে সোনার কয়েনে টস করার জন্য ইতিমধ্যে বোর্ডের কাছে সিএবি অনুমোদন চেয়েছে বলে জানা গেছে।
![]()