২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৫ জন, শনাক্ত ৮ হাজার ৮২২ জন

দেশে আজও করোনায় মৃত্যু শতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জনে। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৮২২ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। এর আগে, দেশের এ যাবতকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছিল গত রোববার। ওইদিন করোনা মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৬৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৬১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি তিন লাখ ৬১ হাজার ৬৯৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১১৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৭২ হাজার ৮৪৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১১ হাজার ৫৭ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ লাখ ৯৩ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৫৪৫ জন।

এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Loading