দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর আসছে কঠোর লকডাউন। ওই সময় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১৭ জুলাই) চুয়াডাঙ্গা ৬ বিজিবির ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও বলেন, কৃষি অর্থনীতি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া কৃষিভিত্তিক অর্থনৈতিক এলাকা। সীমান্তবর্তী এলাকা চুয়াডাঙ্গার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। এ অঞ্চলের মানুষের স্বপ্ন রয়েছে একটি বিমান বন্দরের। সেই স্বপ্নও পূরণ হবে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিজিবির যশোর রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মেহেরপুরের জেলা প্রশাসক মুনছুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
![]()