৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮
শিরোনাম:

যারা দেশের আইন মানে না, তাদের পক্ষে ওকালতি নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণমাধ্যম শিল্পের সবার স্বার্থে আমরা আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের কাজ করছি। সুতরাং দেশ ও সবার স্বার্থের বিপক্ষে কেউ অবস্থান গ্রহণ করবেন বা তাদের পক্ষে কেউ ওকালতি করবেন এটি কখনো কাম্য নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৪ অক্টোবর) দুপুরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো প্রতিনিধিবৃন্দ ক্লিনফিড বাস্তবায়নের পদক্ষেপের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলে মন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের বৈঠক শেষে একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী দেশের সকল গণমাধ্যম, শিল্পী-কলাকুশলীকে এ আইনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য সকল পক্ষের সঙ্গে দুই বছর আগে থেকে দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং আগস্ট মাসের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে পয়লা অক্টোবর থেকে আমরা এই আইন কার্যকর করবো। কিন্তু এটি নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। আমি আশা করবো এই বিভ্রান্তি ছড়ানো থেকে তারা বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রী আমাদেরকে সাহস না জোগালে আমরা এ কাজগুলো কখনো করতে পারতাম না।’

‘বাংলাদেশের আকাশ উন্মুক্ত, বাংলাদেশে কোনো চ্যানেল সরকারের পক্ষ থেকে বন্ধ করা হয়নি, বন্ধ করতেও বলা হয়নি’ উল্লেখ করে ড. হাছান বলেন, আমাদের দেশের চ্যানেলগুলো ভালো অনুষ্ঠান প্রচার করতে পারে এবং অনেকেই করে। যে সমস্ত বিদেশি চ্যানেল আমাদের আইনকে তোয়াক্কা করে না, আমাদের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে চোখ রাঙ্গায় সেগুলোর পক্ষে ওকালতি করা সমীচীন নয় বলে আমি মনে করি। অবশ্যই সব চ্যানেলের জন্যই আমাদের দ্বার উন্মুক্ত। কিন্তু আইন মেনে দেশের স্বার্থ সংরক্ষণ করে সেই চ্যানেল সম্প্রচার হতে হবে।

বিদেশি চ্যানেলের পরিবেশক ও ক্যাবল অপারেটরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যে সমস্ত বিদেশি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিড দেয়, আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যরাও যদি এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।

সভায় মন্ত্রী আরো বলেন, ক্যাবল অপারেটরবৃন্দসহ সবপক্ষকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পয়লা নভেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেমকে তারা ডিজিটালাইজ করবে। আমি আশা করবো এই সময়সীমা সবাই অনুসরণ করার চেষ্টা করবেন। আমি আশা করবো সবাই দেশের স্বার্থ এবং আইন মানাকে তুলে ধরবেন।

 

Loading