৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৭
শিরোনাম:

বিদ্যুৎ মিটার চোর রেখে যাচ্ছে বিকাশ নম্বর, টাকা পাঠালেই ফেরত

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের মিটার চুরির হিড়িক পড়েছে। চুরির পর চোরচক্র রেখে যাচ্ছে বিকাশ নাম্বার। বিকাশে টাকা পাঠালেই ফেরত দিচ্ছে মিটার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সদর উপজেলার বহুলী, কামারখন্দ উপজেলা, উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, রায়গঞ্জ উপজেলাসহ অনেক উপজেলা থেকেই এমন খবর পাওয়া যাচ্ছে।

কামারখন্দ উপজেলায় গত শনিবার রাতে চুরি হয়েছে ১৭টি মিটার। এর বেশির ভাগই বানিজ্যিক মিটার। ফলে বিপাকে পড়েছে এলাকা চাউল কল মালিকরা। চাল কলগুলোর মিটার চুরি হওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে ধান সিদ্ধ করা থেকে শুরু করে চাল তৈরির সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে কামারখন্দের চালকল মালিক সাগর আলী বলেন, গত শনিবার রাতে মিটার চুরি হয়েছে। মিটার চুরি করে নেওয়ার পর চোর চক্র মিটার ফ্রেমে টোকেনে একটি বিকাশ নম্বর রেখে যায়। সেই নম্বরে চুরি যাওয়ার পরদিন সকালে যোগাযোগ করা হলে চক্রের এক সদস্য জানান- তারা এখন ঘুমাচ্ছেন বিকেলে ফোন দিতে বলেন। বিকেলে ফোন করা হলে আমার তিনটি মিটারের জন্য মিটার প্রতি ৬ হাজার টাকা দাবি করেন। পরে প্রতিটি মিটারে ৩ হাজার করে ৯ হাজার টাকা দিলে চালকলের কাছাকাছি একটি বাড়ির পাশে বালুর ভিতরে মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর চক্রের সদস্য।

চালকলের ম্যানেজার মো. জিন্নাহ বলেন, বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় সাধারণ মানুষের পক্ষে মিটার চুরি করা সম্ভব নয়। পল্লী বিদ্যুতের লাইনম্যানদের সাথে বাহিরের শ্রমিক যারা কাজ করেন তারা মিটার চুরির সাথে সম্পৃৃক্ত থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় ধান থেকে চাল তৈরি করার সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মিটার চুরির বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও মিটার চোর চক্রের চার সদস্যকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর এই এলাকায় গত প্রায় দুই বছরে মিটার চুরির কোন ঘটনা ঘটেনি। এখন আবার মিটার চুরির অভিযোগ পাচ্ছি। পূর্বের মতো এবারও আধুনিক পদ্ধতি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) অখীল কুমার সাহা জানান, কামারখন্দের ১৭টি মিটার চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিটার চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মিটার চুরি রোধে মাইকিং করাসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

Loading