নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৩-৪ জন সমর্থক আহত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেললেন নৌকার সমর্থকরা
হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম দিদার হোসেন। তিনি উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তিনি বেলা ১১টার দিকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাহির হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেয়। তিনি আরও অভিযোগ করেন, এ ছাড়াও কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে নৌকার সমর্থকরা তাকে বাধা দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৯নং দেওটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাকিল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দিদার মাটিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ২০-২২ জন সমর্থক আহত হয়। আমার কোনো সমর্থক তার ওপর হামলা চালায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()