কক্সবাজারের চকরিয়ায় ফার্মেসির দোকানে যৌথ অভিযান চালিয়ে অবৈধ ও আমদানি নিষিদ্ধ ওষুধ ধ্বংস করেছে ঔষধ প্রশাসন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুরে উপজেলা হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ওষুধের মূল্য প্রায় চার লাখ টাকা।
কক্সবাজার ঔষধ প্রশাসন সূত্র জানায়, অবৈধ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত-উজ জামানের নেতৃত্বে চকরিয়া উপজেলার হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে উপজেলা প্রশাসন, ওষুধ প্রশাসন কক্সবাজার ও র্যাব-১৫-এর যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ ওষুধ, অনুমোদনহীন ভেকসিন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, ফুড সাপ্লিমেন্ট জব্দের পর ধ্বংস করা হয়।
অভিযানে ওষুধ আইন, ১৯৪০-এর ১৮ ধারা ভঙ্গের দায়ে ও উক্ত আইনের ২৭ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স শাহ আমিন ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আর এস মেডিকোকে ৩০ হাজার টাকা, মেসার্স আর এস ফার্মেসি অ্যান্ড ভেটেরিনারিকে ৫০ হাজার টাকা, মেসার্স শাহ আক্তারিয়া ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ড্রাগ সুপার রোমেল মল্লিক।
রোমেল মল্লিক জানান, অভিযানে জব্দ করে ধ্বংস করা ওষুধসমূহ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই ওষুধ প্রশাসনের পক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অভিযান সবসময় চলমান আছে এবং সামনের দিনগুলোতেও অব্যহত থাকবে।
![]()