৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
শিরোনাম:

দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক বাসিন্দা আরটিভি নিউজকে জানিয়েছেন, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য শাহজান শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায় মঙ্গলবার সকালে উভয়পক্ষের দুই থেকে তিন শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ থেকে ১০ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইউপি সদস্য শাহজান শেখ, সোহেল মাহমুদ, হোসেন শেখ, সত্তার খালাসী, সুরুজ খালাসী, সুজাদ খালাসী ও ফরহাদ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে সকালে আমার দলের সমর্থক সুরুজ খালাসী আর সুজাদ খালাসীর ওপর অতর্কিতভাবে হামলা করে শাহজান শেখের লোকজন। এনিয়ে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

নবনির্বাচিত ইউপি সদস্য শাহাজান বলেন, বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রামে দলাদলি নিয়ে উত্তেজনা চলছিল। কোনো কারণ ছাড়াই সকালে আমার দলের এক সমর্থকের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ইব্রাহিম মোল্লার সমর্থকরা। খবর পেয়ে আমার লোকজন এগিয়ে আসলে সংঘর্ষ বেধে যায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান আরটিভি নিউজকে বলেন, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Loading