৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে সেনাসদস্য হত্যায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— জীবন (২৩), সুমন ওরফে বিয়ার সুমন (২৫) ও জুম্মন (২২)।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার)।

গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) সাত দিনের ছুটি ভোগ করার জন্য নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) যাচ্ছিলেন।

এ সময় মৌচাক বেঙ্গল প্যাসিফিক লিমিটেড কারখানার পাশে পেছন দিক থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলমের মানিব্যাগ ও টাকাপয়সা ছিনতাইকালে তিনি বাধা দিলে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে প্রাণনাশের উদ্দেশে উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সৈনিক শহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর সাড়ে ৫টায় সিএমএইচের কর্তব্যরত ডাক্তার সৈনিক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সেনাসদস্যের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে তদন্তে। ১৮ জানুয়ারি রাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই, দস্যুতা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার জীবন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে। সুমন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে মো. জুম্মন মিয়া।

Loading