৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম:

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় কোনো আশ্বাস মেলেনি, দাবি শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল আলোচনায় সুস্পষ্ট কোনো আশ্বাস মেলেনি বলে দাবি করেছেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন এই তথ্য জানান তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষার্থীরা বলেন, ‘মন্ত্রী বলেছেন, প্রয়োজনে আবার আলোচনা হতে পারে। এমন আশ্বাসে পুনরায় আলোচনার জন্য তার প্রতিনিধি শফিউল আলম নাদেল এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ইয়াসির সরকার বলেন, ‘যেহেতু আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি কিংবা শিক্ষামন্ত্রীর কাছ থেকে দাবি আদায়ের ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি। সেহেতু অনশন চলবে।’

নতুন করে ভিসির বাসভবনে যে কারো অবাধে প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইয়াসির বলেন, ‘আমাদের সহপাঠীরা ৫ দিন ধরে অনশন করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর ভিসি বাসভবনে আরাম-আয়েশ করবেন। আমরা আর তা হতে দিবো না। যে কেউ চাইলেই আর ভিসির বাসভবনে ঢুকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘গণ-অনশন কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার রাতে আরও ৪ জন নতুন করে অনশনে বসেছেন। শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার অপেক্ষায় ছিলাম। যেহেতু আলোচনা গতি পাচ্ছে না, আমরা আমাদের অনশন কার্যক্রম চালিয়ে যাবো। আমরাও দেখতে চাই কে বেশি গুরুত্বপূর্ণ ভিসি না আমাদের মৃত্যু।’

উল্লেখ্য, গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশনে নামেন শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী।

এর আগে গত ১৩ জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। পরে দাবি মেনে নেওয়া হবে বলে দেওয়া উপাচার্যের আশ্বাসে হলে ফেরেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য তাদের দাবি না মেনে সময়ক্ষেপণের চেষ্টা করেন। পরে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।

এক পর্যায়ে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন শিক্ষার্থীরা। যদিও পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন। পরে উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা।

Loading