ডাকসুর ভিপি নুরুল হক নুরু ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে।
জয়নুল আবেদীন বলেন, দেশে আইনের শাসন নেই। একদিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ করছি, অন্যদিকে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা না পেয়ে কারাগারের অন্তরালে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন।
তিনি বলেন, এটা শুধু নুরের ওপর হামলা নয়, সারাদেশের গণতান্ত্রিক মানুষের ওপর হামলা। ছাত্রলীগ একের পর এক সারাদেশে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে।বুয়েটে আবরার হত্যার জন্য ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হোক। নুরুর ওপর হামলার ঘটনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে উসকানি দাতা উল্লেখ করে তাকে আসামি করারও দাবি জানান তিনি।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আজ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এখন হিটলার-মুসোলিনীর মতো মানুষের অধিকার হরণ করা হচ্ছে। দেশকে ধ্বংস করা হচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ মনে করে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নুরের ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ন্যাক্কার জনক এই হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
![]()