৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
শিরোনাম:

ইসি নিয়ে ফখরুলের মন্তব্য গণতন্ত্রের মূল্যবোধ পরিপন্থী

বর্তমান নির্বাচন কমিশন, নতুন সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, মির্জা ফখরুলের এ বক্তব্য নিয়ে শনিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবৃতিতে বর্তমান নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুসরণ করে সার্চ কমিটির জন্য কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী।

কাদের আরো বলেছেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, এটি দেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি রেফারির মতো। খেলায় যে দল খারাপ খেলে, তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সেরকম।

এসময় বিএনপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনী মাঠে অংশগ্রহণ করছে না, আর এসব কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে কোন ব্যাঘাত সৃষ্টি হলে তার সকল দায় বিএনপিকেই নিতে হবে বলে দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উক্তি করার জন্য বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত বলে আমরা মনে করি।

বিবৃতিতে ওবায়দুল কাদের জাতীয় নির্বাচন নিয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন। সংবিধান সম্মতভাবে যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো রাষ্ট্র পরিচালনায় থেকে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Loading