২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬
শিরোনাম:

‘নারীকে কোটায় নয়, যোগ্যতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে’

নারীকে কোটার মধ্যে আবদ্ধ থেকে নয়, নিজের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাদেরকে সমানভাবে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে। নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশের যথাযথ উন্নয়ন হবে।

তিনি বলেন, বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা ভালো করছে। তারা শিক্ষায় পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে। ক্রীড়া, রাজনীতি ও প্রশাসনিক কাজে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। এমনকি দেশ রক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।

জাপা চেয়ারম্যান বলেন, সমঅধিকার নিশ্চিত করতে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। সমতা না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টি নারী অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে।

মহিলা পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা প্রমুখ।

Loading