২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
শিরোনাম:

কার কাছে গেলে কী সমাধান, মানুষের জানা নেই : জিএম কাদের

দেশে বর্তমানে এমন অবস্থা বিরাজ করছে যে নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয় জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নিজের ঘরেও মানুষের নিরাপত্তা নেই। মানুষ জানে না, কার কাছে গেলে কী সমাধান পাওয়া যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। আজ একটির দাম বেশি, কাল অন্যটির দাম লাফিয়ে বাড়ছে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, সড়কে বের হলে জীবনের নিরাপত্তা নেই, স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছেন নারী, সম্ভ্রমের নিরাপত্তা নেই।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। পরতে পরতে দুর্নীতি। প্রতিদিনই দুর্নীতি বাড়ছে, দেখার যেন কেউ নেই। এভাবে চলতে পারে না, দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়।

জিএম কাদের আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্ব দুই ভাগ হয়ে পড়েছে। যুদ্ধের জন্য অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের এই বিরূপ প্রভাবের ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লেগেছে। তাই দেশের রাজনীতি কোন পথে যায় নিশ্চিত করা বলা যায় না।

জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু এমপি প্রমুখ।

 

Loading