২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০
শিরোনাম:

ঘরে ৫১২ লিটার তেল, সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার সয়াবিল তেল জব্দ করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ অভিযানের কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপ-পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই সয়াবিন তেল অবৈধভাবে মজুত রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় শুক্রবার অভিযান পরিচালনা করে ৫১২ তেল জব্দ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মজুতের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি একজন সাবেক সরকারি কর্মকর্তা। মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম সড়কের একটি আবাসিক ভবন থেকে এই তেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লায়েকুজ্জামান রমজান মাসকে সামনে রেখে এই তেল মজুত করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। চলতি মাসের ৬ তারিখ থেকে সে তেল মজুত শুরু করে বলেও জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আরো বলেন, এই সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে থাকেন। এ বাসাতেই তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করা তেলের মজুত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়েকুজ্জামান জানিয়েছেন, বর্তমানে তেলের বাড়তি দামের বিষয়টি মাথায় রেখে রমজান মাসে তিনি অতিরিক্ত লাভের আশায় এত তেল মজুত করেন।

বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী বা ডিলার নন। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুত করেছেন। ৫১২ লিটার তেল মজুত করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপ প্রয়াস বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, লায়েকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তেল মজুতে এই এক ব্যক্তির পাশাপাশি কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Loading