৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩
শিরোনাম:

ঈদে আত্মীয়দের কাছে স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপির

আসন্ন ঈদুল ফিতরে ছুটি কাটাতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৮ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরে মার্চ-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নগরবাসীর উদ্দেশে তিনি এ পরামর্শ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। এসময় তাদের বাসাবাড়ি ফাঁকা থাকে। এসময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সেজন্য বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে অপরাধ প্রতিরোধে অধস্তনদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। এসময় মলম পার্টি ও অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। এজন্য থানার টহল পার্টিকে আরও সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্পেশাল টিম করে তাদের গ্রেফতার করতে হবে।

শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, বিভিন্ন যুগ্ম পুলিশ কমিশনা, উপ-পুলিশ কমিশনারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Loading