নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ইরফান, বাংলার ফয়সাল, ইতিহাসের জুনায়েদ এবং হিসাববিজ্ঞানের আব্দুল কাইয়ুম ও পলাশ।
ডিবি কর্মকর্তা হাফিজ জানান, গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নাহিদ হত্যার ঘটনায় অভিযুক্ত। তিনি বলেন, ‘আমরা নিউমার্কের ব্যবসায়ী-শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত করছি।‘
১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জেরে ১৯ এপ্রিল দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে মারা যান দুজন। একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন।
নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে দুটি।
![]()