৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন চায় না, বললেন কাদের

সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সাভার উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না। সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়।’

‘সারা বাংলাদেশে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায়, কেউ যেন শীতে মৃত্যুবরণ না করে, সে জন্য দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’

এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। শিশু ও বয়স্কসহ কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায়, সে জন্য এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকায় ভোট চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।’

অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে বক্তব্য দেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান প্রমুখ।

Loading