৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৬
শিরোনাম:

দলীয় কাজের বদলে বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বিএনপির

দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার (১৯ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় এক যৌথ সভা হয়। পরে জাতীয় ত্রাণ কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের নির্দেশনা দিয়েছেন, বন্যা পরিস্থিতির বিষয় আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। সাংগঠনিক কাজ-কর্মের চেয়ে এখন আমাদের একমাত্র অগ্রাধিকার বানভাসি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা। এটা আমাদের দলের নেতা-কর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সিলেট মহানগর, সুনামগঞ্জ পৌরসভা, ছাতকসহ বিভিন্ন এলাকায় আমাদের দলের নেতা-কর্মীরা রিলিফ অপারেশন শুরু করেছে। সিলেট থেকে এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, তারা ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছে। বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছে। সেখানে প্রায় আমাদের ‘শ খানেক নৌকা কাজ করছে।

তিনি বলেন, ছাতকে বন্যা কবলিত এলাকায় আমাদের নেতা-কর্মীরা নিজেরা টাকা তুলে ১০ লাখ মানুষের মাঝে বিতরণ করেছে। এভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে আমরা মানুষের পাশে আছি।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় দলের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে টুকু বলেন, এবারের বন্যা পরিস্থিতিকে আমরা তিনভাগে ভাগ করেছি। এখন যারা পানিবন্দি মানুষজন আছেন, উদ্ধার করে তাদের কাছে খাবার পৌঁছে দেয়া। বন্যার পানি চলে গেলে মানুষজনের গৃহনির্মাণ, তাদের খাবার দেয়া এবং ওষুধপত্র বিতরণ করা।

তিনি বলেন, কৃষি জমি তলিয়ে গেছে বন্যায়। পানি নেমে গেলে কৃষকরা যাতে চাষাবাদ করতে পারেন, সেজন্য বীজতলা তৈরি করে তাদের সরবারহ করা হবে। ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন রোগ বালাইয়ের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করা হবে। আমরা চেষ্টা করব সব বন্যার্তের পাশে পৌঁছানোর।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ২০ লাখ টাকা আর কয়েক লক্ষ টন চাল বরাদ্দ পেয়েছেন সিলেটের জন্য। এটা আমি মনে করি, জনগনের সঙ্গে ব্যঙ্গ করা। ব্যঙ্গ করতেই পারে। কারণ, তাদের তো জনগণের ভোটের প্রয়োজন হয় না। জনগণের সেবার করারও প্রয়োজন হয় না। তাচ্ছিল্য করে তারা রিলিফ দিচ্ছে।

সব অঙ্গসংগঠনকে আলাদা আলাদাভাবে স্ট্যায়ারিং কমিটি করে প্রতিটি সংগঠনের ত্রাণ কার্য্ক্রম তদারিক করার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আব্দুস সালাম, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

Loading