জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না। শনিবার (২৩ জুলাই) বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না এটা নির্বাচন কমিশনের বোঝা উচিত। কিন্তু তারা বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএমের গুণাগুণ বর্ণনা করছে। অথচ, কমিশনের সঙ্গে সংলাপে শতকরা ৮০ ভাগ রাজনৈতিক দল ইভিএমের বিপক্ষে মতামত দিয়েছে।
জি এম কাদের বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে ইভিএম বর্জন করছে। সেখানে আমাদের দেশের নির্বাচন কমিশন ইভিএমের গুণগান বর্ণনা করেছে। এতে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এখনও দেশের অধিকাংশ ভোটার প্রার্থী নয়, মার্কা দেখে ভোট দেয়। এমন বাস্তবতায় ইভিএমে নির্বাচন আয়োজনের চেষ্টা দুরভিসন্ধি বলে মনে করছেন সাধারণ মানুষ।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেওয়া হয়েছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
![]()