২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৬
শিরোনাম:

ঢাকায় বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ : মেয়র আতিক

নিরাপত্তা ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে রাজধানী উত্তরার জসিমউদ্দীন রোডের দুর্ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেয়র আতিক বলেন, ‘এ প্রকল্প কাজ পরিচালনায় নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। বিআরটি কর্তৃপক্ষ আমার সামনে আছেন। আমি গতকালও তাদের সঙ্গে কথা বলেছি। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। ’

‘শুধু এই প্রজেক্টই নয়, ঢাকা শহরে যতগুলো প্রজেক্ট চলছে, সবগুলো বন্ধ থাকবে। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, বলেন উত্তরের মেয়র।

আতিকুল ইসলাম আরও বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।

উল্লেখ্য, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড় সংলগ্ন সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে নবদম্পতি হৃদয় ও রিয়া ছাড়া পাঁচ আরোহী নিহত হন।

নিহতরা হলেন- হৃদয়ের বাবা আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), হৃদয়ের শাশুড়ি ফাহিমা আক্তার (৩৮), কনে রিয়ার খালা ঝর্না আক্তার (২৭), তার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (৪)।

Loading