২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩২
শিরোনাম:

শেখ হাসিনার কথার বিশ্বাস মানে বোকার স্বর্গে বাস: রিজভী

বর্তমানে মিথ্যার রাজত্ব চলছে। আর শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার সঙ্গে বাস করা- মন্তব্যগুলো করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে গরিব ও দুস্থদের খাবারের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মুখে যা বলেন করেন তার উল্টো। বর্তমানে মিথ্যার রাজত্ব চলছে। শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা।

তিনি (শেখ হাসিনা) বলেছিলেন যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাওয়াবেন! তারপর কী দেখলাম- ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেফতার করো না। এ কথা বলার পর কী দেখলাম- ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগ। তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় ভয়ংকর কোনো প্রতিশোধ নেবেন।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, সম্পূর্ণ প্রতিহিংসার কারণে আজ খালেদা জিয়া বন্দী। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশের জন্য, গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে চলেছেন। ১/১১ সরকার তাকে শত চেষ্টা করেও বিদেশে পাঠাতে পারেনি। অথচ, সে সময় চাপে পড়ে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন। দেশনেত্রী কোনো চাপের কাছে কখনও মাথা নত করেননি।

আওয়ামী লীগ প্রধানের কথার কাজের কোনো মিল নেই বলেও রিজভী মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী শান্তির বাণী দিচ্ছেন; অন্যদিকে আওয়ামী লীগ নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা এখন আবোল-তাবোল বকছে। আর হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে খাবার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মাহবুবুর রহমান মাহবুব, ডা. জাহিদুল কবির, ডা. আউয়াল প্রমুখ।

খাবার বিতরণের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Loading