২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
শিরোনাম:

সালিসে ইউপি সদস্যকে পেটালেন যুবলীগ কর্মীরা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মালেক ব্যাপারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২২ আগস্ট) উপজেলার বাঁশিলা গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় ওই ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার মাধনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মালেক ব্যাপারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। পরে দলীয়ভাবে দুই পক্ষকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকালে মীমাংসার জন্য মাধনগর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বাঁশিলা গ্রামে সালিস বৈঠকে বসে। অভিযোগের বিষয়টি দুই পক্ষের মধ্যে আপস মীমাংসা শেষে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে যুবলীগের কর্মীরা ইউপি সদস্য মালেক ব্যাপারীর ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য মালেককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং যুবলীগের দুজন কর্মীকে আটক করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে বাঁশিলা গ্রামে দুই পক্ষ সালিস বৈঠক বসে। সালিসে দুই পক্ষের মধ্যে আপস মীমাংসা হয়। পরে ইউপি সদস্য মালেক ব্যাপারীর ওপর হামলা করে প্রতিপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’

Loading