৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩
শিরোনাম:

সমালোচনা ছাড়া কোনো কাজ নেই বিএনপির: কাদের

বিএনপি শুধু সমালোচনা করতে জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় দেশের মানুষের উন্নয়নে বিএনপি দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর আগামীকাল একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ্ খানসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটি প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা।

Loading