আগামী একমাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে ক্ষতি করা হবে বলে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় রবিবার রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফরিদ আহমেদ।
Thank you for reading this post, don't forget to subscribe!নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ নভেম্বর সকাল ১০টার দিকে একটি গ্রামীণ নম্বর থেকে তাকে ফোন করা হয়। এসময় অপরপ্রান্ত থেকে নিজেকে গোয়েন্দা সংস্থা থেকে বলছি উল্লেখ করে বলা হয়, আগামী একমাস তিনি (ফরিদ আহমেদ) যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না যান। এতে তাঁর জীবন বিপন্ন হতে পারে।
জিডিতে অ্যধাপক ফরিদ লেখেন, ‘এই হুমকির আগে ৯ নভেম্বর সকালে একটি টেলিটক নম্বর থেকে ফোন করে মেহেদী পরিচয়ে একজন তার সঙ্গে দেখা করতে চান। নম্বর দুটো যাচাই করে জানতে পারি একটি নম্বর অ্যাভাটার (avtar) নামে একটি গ্রুপে যুক্ত। অপর নম্বরটি জি বিশ্বাস নামে একই গ্রুপে যুক্ত আছে। এতে আমি উদ্বিগ্ন।’
জিডির বিষয়ে এসি শরীফ মুহাম্মদ বলেন, ‘নিউ মার্কেট থানায় জিডির পর একজন সাব-ইন্সপেক্টর (এসআই) এটা নিয়ে কাজ শুরু করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
![]()