২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬
শিরোনাম:

নয়াপল্টন-আরামবাগের বাইরে সমাবেশ করবে না বিএনপি

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ দলীয় কার্যালয় নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনের সড়কে করতে চায় বিএনপি। দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চাইনি। সাফ জানিয়ে দিয়েছি, সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। সেখানে আমরা কোনো প্রোগ্রাম করব না।মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ্যানী বলেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, অতীতেও বিএনপির অফিসের সামনে শান্তিপূর্ণভাবে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে, রাজপথেই হয়েছে। সেভাবে বিএনপি অফিসের সামনে আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। তারপরও ডিএমপি যেহেতু বিভিন্ন দিক থেকে চিন্তা-ভাবনা করে অনুরোধ করেছেন, তাই পরবর্তীতে আমরা বলেছি, বিএনপি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে দেয়া হোক; সেখানে আশপাশে মাঠ আছে, অনেক ফাঁকা জায়গা আছে।

১০ ডিসেম্বর শনিবার ছুটির দিন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেদিন সেখানে আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা তাদের (ডিএমপি) কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী তারা সেই সহযোগিতা করবেন। না হলে নয়াপল্টন এরিয়ার মধ্যেই আমাদের থাকতে হবে।

বিএনপিকে কোনো সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হবে না- পুলিশের এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সড়ক ছাড়া কোথায় করব? আমরা তো রাজপথের লোক, রাজপথেই করব। আমরা রাজপথকে বেছে নিয়েছি। ইনশাআল্লাহ তারা রাজপথে আমাদের প্রোগ্রাম করতে দিতে বাধ্য হবে। আশা করছি, সেই সহযোগিতা আমাদের করবেন। না হলে সেই দায়-দায়িত্ব তাদের নিতে হবে।

ডিএমপির সঙ্গে বিএনপির অব্যাহত যোগাযোগ আছে উল্লেখ করে এ্যানী বলেন, আমরা আশাবাদী তারা বিএনপি অফিসের সামনেই আমাদের প্রোগ্রাম করতে দেবেন। যদি না দেন তাহলে বিকল্প প্রস্তাব হিসেবে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে সমাবেশ করার জন্য সহযোগিতা করবেন।

সোহরাওয়ার্দী উদ্যান এখন পার্কে পরিণত হয়েছে উল্লেখ করে এ্যানী বলেন, সেখানে অনেক ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। সেগুলো আমরা জানি ও বুঝি। সেটা নিরাপদ নয়। যে কারণে সোহরাওয়ার্দী উদ্যান বেছে নিইনি।

Loading