৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

সাইকেল চালিয়ে নির্বাচনি প্রচারণা চালালেন আতিকুল ইসলাম

সাইকেল চালিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর গুলশানের নর্দ্দা বাজার এলাকায় সাইকেল চালিয়ে প্রচারণা চালান তিনি। এদিন গুলশান স্বাস্থ্য ক্লাব পার্ক থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

পার্কে গণসংযোগকালে আতিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন হবে আধুনিক, গতিময়, সচল, সুস্থ ও মানবিক ঢাকা। নাগরিকদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হবে, তেমনি খেলাধুলার জন্য থাকবে পর্যাপ্ত মাঠ ও পার্ক। আমি চাই আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়।

ইশতেহার প্রসঙ্গে আতিক বলেন, রোববার আমার নির্বাচনি ইশতেহার দেবো। সেখানে চমক থাকবে। আতিক তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনি প্রচার চালাতে গিয়ে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করা চলবে না। যানজট যেন সৃষ্টি না হয় সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। মানুষের দুর্ভোগ হয় এমন কোনও কাজ নেতাকর্মীরা করবেন না। আমি নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

Loading