৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

এবার কোমরে পিস্তল গোঁজা আরেক কলেজছাত্রের ছবি ভাইরাল

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ছবি পোস্ট করার ঘটনার রেশ এখনো কাটেনি। এমন সময় এবার বোয়ালমারীতে একই কায়দায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ফারদিন মাশরাফি (১৮) নামের এক কলেজছাত্র। তিনি উপজেলার কাদিরদি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও সাতৈর গ্রামের আবুল হাসানের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাদিরদি ডিগ্রী কলেজের ছাত্র ফারদিন মাশরাফি ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, আপনাদের কারণে বাইরে আসতেই হলো। ‘হতাশ’।

এ বিষয়ে জানতে চাইলে কলেজছাত্র ফারদিন মাশরাফি বলেন, ওটা একটা খেলনা পিস্তল। গত ১৬ মার্চ আমরা কলেজ থেকে পিকনিকে গিয়ে ছবিটি তোলা। আজ কী যেন মনে হলো তাই ছবিটি আমার ফেসবুক আইডিতে ছেড়েছি। তবে আমার ভুল হয়েছে। ক্ষমা করে দেন। লোকজন বলার পর ছবিটি ডিলিট করে দিয়েছি।

এ ব্যাপারে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাদিরদি ডিগ্রী কলেজের গভর্নিংবোর্ডের সদস্য রাফিউল আলম মিন্টু বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এটা করে থাকে অবশ্যই সে ঠিক করেনি। তবে সবকিছু নিয়ে ফাজলামো করা উচিৎ নয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত পূর্বক সে দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার কাছে কোন অন্যায় অপরাধীর প্রশ্রয় নেই।

এ বিষয়ে কাদিরদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে কলেজের পিকনিকে বেশিরভাগ মেয়েরাই গিয়েছিল। সেখানে এমন কোনো ঘটনার খবর পাইনি। ফেসবুকেও দেখিনি। তবু আমি খোঁজখবর নিয়ে দেখবো।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি আমার জানা নেই।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম। তবে, এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব বিশ্বাস। তাকে রোববার বিকালে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। জনমনে আতঙ্ক, ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা সোমবার (২৭ মার্চ) দুপুরে বোয়ালমারী থানায় নথিভুক্ত হয়।

Loading