উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুই দিন আগে উচ্চস্বরে মাইক বাজিয়ে উদ্দাম নাচ করে বিতর্কে জড়ালেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা।
Thank you for reading this post, don't forget to subscribe!উচ্চমাধ্যমিকের আগে মাইক বাজানো নিষিদ্ধ। তা উপেক্ষা করে একজন মন্ত্রী কীভাবে এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, দোল উৎসব উপলক্ষ্যে গত সোমবার পশ্চিমবঙ্গের বালুরঘাটের তপন ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বিধায়ক বাচ্চু হাঁসদা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এলাকার ছেলেমেয়েরাও সেই অনুষ্ঠানে যোগ দেন। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই উচ্চস্বরে চালানো হয় গান। নারী-পুরুষদের সঙ্গে গানের তালে তালে নাচেন খোদ মন্ত্রী বাচ্চু হাঁসদা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।
এ বিষয়ে বাচ্চু হাঁসদা বলেন, ‘শুধু কি তপনে মাইক বেজেছে? রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা থাকলেও বসন্ত উৎসব বছরে একবার হয়। এই উৎসবে মানুষকে ধরে রাখা যায় না। আমার নিমন্ত্রণ ছিল। ব্যক্তিগত অনুষ্ঠান না। বিডিও’র অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি ওদের সঙ্গ দিয়েছি মাত্র।’
তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, ‘এটা একদম ঠিক নয়। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে মাইক বাজানো যাবে না। আমার মনে হয়, নিয়ম প্রত্যেকের জন্য সমান। নিয়ম কারও জন্য পালটে যেতে পারে না, তিনি যেই হোন।’ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
তপন ব্লকের বিডিও বলেন, ‘এটা পাবলিক প্লেসে হয়নি। ব্লক কার্যালয়ের ভিতরে হয়েছে। উচ্চ মাধ্যমিক দেরি আছে, এতে কারও অসুবিধা হয়নি।’
বিজেপি রাজ্য নেতা নীলাঞ্জন রায় বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তাদের সামনে তাদের মদতে বিডিও অফিসে মন্ত্রীর নাচেন মাইক বাজিয়ে। উচ্চ মাধ্যমিকের জন্য সব ধরনের মাইক বাজানো নিষেধ। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে এভাবে মাইক বাজছে। তাই আমরা ভাবি তৃণমূলের জন্য এক আইন আর বিরোধী বা সাধারণ মানুষের জন্য এক আইন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
![]()