সানজানা শ্রুতি, রাবি প্রতিনিধি : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। এর আগে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের আমতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে আবরার হত্যার বিচার দাবি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জোটের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। সেখানে তারা প্রায় আধঘন্টা অবস্থান করেন। অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেখানে যান এবং অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পরে দুপুর আড়াইটার দিকে তারা কর্মসূচি তুলে নেন। কর্মসূচি থেকে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিলের ঘোষণা দেন। এ ছাড়া বিকেল ৫টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!