৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
শিরোনাম:

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ইডেনে যাবেন মাশরাফি

নিছক ক্রিকেটার হয়ে যাচ্ছেন না তিনি। বরং মাশরাফি বিন মুর্তজা গোলাপি ইতিহাসে সামিল হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে। কেবল ক্রিকেটার নয়, একজন সাংসদও মাশরাফি। নিজের জন্মস্থান নড়াইল থেকে নির্বাচিত হন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশের ওয়ানডে দলনেতা ইডেনে পা রাখবেন সাংসদের জার্সি পরেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

এমনিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশ টিমের সব ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে ইডেনে। যে টিমে মাশরাফি ছিলেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে প্রতিনিধি দল আসছে, তাতে রাজনীতি জগতের অনেকেই আসছেন। মাশরাফি তাদেরই এক জন।

মাশরাফির সঙ্গে ইডেনের একটা আত্মিক সম্পর্কও রয়েছে। দশ বছর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে মাশরাফি এলেও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ন আমিনুল ইসলামকে হয়তো দেখা যাবে না ইডেনে। তিনি থাকেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তিগত কারণে কলকাতায় আসতে পারবেন না আমিনুল।

এ দিকে যতদূর শোনা যাচ্ছে, মাশরাফিকে নাকি গোলাপি টেস্টে বাংলায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তবে অতিথি ধারাভাষ্যকার হিসেবে ইডেনের স্টুডিয়োতে দেখা যেতে পারে বাংলাদেশ দলের সফল অধিনায়ককে।

যা খবর, টেস্টের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারই সপরিবারে কলকাতায় যাচ্ছেন মাশরাফি। থাকবেন টেস্টের দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত। ক্রিকেট থেকে পুরোপুরি সরে না গেলেও রাজনীতির ময়দানেই এখন দিনের অনেকটা সময় কাটে মাশরাফির। মিরপুরে একটি অফিসও রয়েছে মাশরাফির।

উল্লেখ্য, ২২ নভেম্বর ইডেনে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাটি টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া ওই ম্যাচকে ঘিরে আরও নানামুখী আয়োজন হাতে নিয়েছে আয়োজক দেশটি।

Loading