৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম:

‘বারবার এমন অগ্নিকাণ্ড নাশকতার কারণে ঘটছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত‘

বারবার এমন অগ্নিকাণ্ড ঘটায় আমরা শঙ্কিত। নাশকতা সৃষ্টির জন্য এমন অগ্নিকাণ্ড ঘটছে কি না, আমরা সেদিকে লক্ষ্য রাখছি। এই বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা ও সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিউ মার্কেটের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন পরবর্তী গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসি মেয়র এসব কথা বলেন। এ সময় মেয়র গুজব ও অপপ্রচাররোধে গণমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

মেয়র আরও বলেন, আমরা লক্ষ করেছি, গতকাল আগুন লেগেছে, গত পরশু আগুন লেগেছে। এর আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের উচ্চ মহলে আমার অনুরোধ, গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের অন্যান্য বিভাগ যেন বিষয়টি খতিয়ে দেখে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই বের করতে হবে।

নিউমার্কেটের ফুট ওভার ব্রিজ থেকে আগুন লেগেছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, নিউমার্কেটের ফুটওভার ব্রিজ দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ। গত বছরও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। এরপর ভাঙার উদ্যোগ নেয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে এটি ভাঙা হচ্ছে। আমরা ভোর ৫টা ১৫-২০ মিনিটে কাজ শেষ করেছি। আর মার্কেটে আগুন লেগেছে ৫টা ৪০ মিনিটে। এরপরও কেউ কেউ এর সঙ্গে আগুনের সংশ্লিষ্টতা বের করার অপচেষ্টা করছে।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading